

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম মোবারক হোসাইন (২৭)। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসাইন (২৭) কিশোরগঞ্জ জেলার সদর থানার বেরুয়াইল গ্রামের বাসিন্দা হারু মিয়ার ছেলে।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী আপ রেললাইনে চলাচলরত জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোবারকের কপাল ও মুখে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

