

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, মেজবান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানিহাটস্থ সি ওয়ার্ল্ড কনভেনশন হলে অনুষ্ঠিত। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–আংশিক সাতকানিয়া) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মেজবান বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

