

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুইটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনায় পতিত হয়। টঙ্গী-ভৈরব রেলওয়ের কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেলওয়ের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের বগির সংযোগস্থলের (জয়েন্টে) হুক খুলে গেলে বগি দুইটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পরপরই রেলওয়ে কর্মীরা বগি দুইটি পুনরায় সংযুক্ত করলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় সে সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি কোনো নাশকতার অংশ কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
