

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক কারবারিদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় মাদকাসক্তরা হামলা চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। ভাংচুর চালানো হয় পুলিশের দুটি গাড়ি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দুই নারীসহ দশজনকে আটক করে।
জানা যায়, ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক অস্ত্র চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস (৩৫), সহকারী উপপরিদর্শক এএসআই মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ্ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)। আটককৃতরা সবাই চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সহযোগী।
মাদক অভিযানে নেতৃত্ব দেওয়া আহত পুলিশের উপপরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস বলেন, চিহ্নিত মাদককারবারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে গেলে তার সহযোগীরা চারপাশ থেকে হামলা চালায়। হামলাকারীরা অনেক ইটপাটকেল ছুঁড়ে এতে আমিসহ চারজন আহত হয়েছি। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করে আসামি ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক উদ্ধারে যায় শ্রীপুর থানা পুলিশ। এসময় পুলিশ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। খবর পেয়ে জাহাঙ্গীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে৷ এরপর বেশকিছু মাদক কারবারিরা লাঠিসোঁটা নিয়ে এসে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীকে ছিনিয়ে নেয়।
হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হামলার সঙ্গে জড়িত দশজনকে আটক করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তিনটি মোটরসাইকেল ফেলে যায়। মাদক কারবারিদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক। এঘটনায় পুলিশের কাজে বাঁধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
