ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

ঘোড়াঘাটে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি একসময় মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল ছিল। কিন্তু বরাদ্দ সংকট, নজরদারির অভাব, দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের কারণে আজ এটি সম্পূর্ণ ধ্বংসপ্রায়, পরিত্যক্ত এবং জনমানবশূন্য ভবনে পরিণত হয়েছে।

সরেজমিনে গেলে দেখা যায়, ভবনের প্রতিটি দরজা ও জানালা ভেঙে পড়েছে বা চুরি হয়ে গেছে। ফ্রেম, কাঠ ও লোহার বেশির ভাগ অংশ নেই। ভাঙা দেয়ালে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ে ইট বেরিয়ে গেছে। ভবনের চারপাশে আগাছার জঙ্গল এমনভাবে উঠেছে যে দূর থেকে ভবনটি পরিত্যক্ত ভুতুড়ে স্থাপনার মতো মনে হয়।

ভবনের ভিতরে প্রবেশ করলে দেখা যায়, মেঝেজুড়ে প্লাস্টিক, ছেঁড়া কাগজ, ভাঙ্গা কাঁচ, পশুর বিষ্ঠা, শুকনো পাতা এবং দীর্ঘদিনের জমে থাকা ময়লার আস্তরণ। একটিও চেয়ার, টেবিল বা চিকিৎসার সরঞ্জাম নেই। টয়লেটগুলো অকার্যকর, পানির লাইন নষ্ট, কোথাও নেই আলো বা নিরাপত্তা। স্থানীয়রা জানান, রাত নামলেই ভবনটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়, যা এলাকায় নতুন ধরনের অশান্তি সৃষ্টি করেছে।

স্থানীয় নারী রাবেয়া খাতুন বলেন, এই ভবনটি চালু থাকলে গর্ভবতী মা, শিশুর চিকিৎসা আর পরিবার পরিকল্পনা সেবা হাতের নাগালেই পেতাম। এখন দূরে উপজেলা হাসপাতালে দৌড়াতে হয়। সাধারণ মানুষের কষ্ট কেউ বুঝে না।

রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩নং সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এই অবস্থা শুধু একটি পরিত্যক্ত ভবনের গল্প নয়- এটি গ্রামীণ স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবনটি একসময় সম্পূর্ণ ধসে পড়বে, হারিয়ে যাবে জনগণের মূল্যবান একটি সেবাকেন্দ্র।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত ভবনটি এখন এলাকায় উদ্বেগের নতুন কারণ। ভবনটি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে, রাতে এখানে অসামাজিক কর্মকাণ্ড চলে, পরিবেশ দূষণ ও দুর্গন্ধ বাড়ছে, শিশু-কিশোররা ঝুঁকিপূর্ণ অংশে খেলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় থাকে। স্থানীয়দের একটাই দাবি, যত দ্রুত সম্ভব ভবনটি সংস্কার করে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করতে হবে। কারণ এই কেন্দ্র সচল হলে, গর্ভবতী মা, শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, সাধারণ প্রাথমিক চিকিৎসা, এসব সেবা আবারও গ্রামাঞ্চলে সহজলভ্য হবে। স্থানীয়দের ভাষ্য, ভবনটি এখন স্বাস্থ্যসেবার কেন্দ্র না হয়ে এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্যের স্তূপ ও অসামাজিক কর্মকাণ্ডের নতুন স্থান।

ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, আমরা বহুবার উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা দপ্তরে ভবন সংস্কারের আবেদন করেছি। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। ভবনটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, উপযুক্ত সংস্কার, আসবাব, জনবল ও সরঞ্জাম পেলে কেন্দ্রটি আবার সচল করা সম্ভব। এলাকাবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, আমরা কেন্দ্রটির জরাজীর্ণ অবস্থার ব্যাপারে অবগত। এ ধরনের সংস্কার বা পুনঃনির্মাণের কাজ মূলত হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি) এর মাধ্যমে হয়ে থাকে। তবে বরাদ্দ অনুমোদন ও নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া সময়সাপেক্ষ। বিষয়টি ইতোমধ্যে তারা অবগত আছেন। আমরাও বারবার চেষ্টা করে যাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram