

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: ৮ ডিসেম্বর পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন প্রাঙ্গন হতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের নেতৃত্বে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রামগড় কালীবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিজয় ভাস্কর্যের বেদীতে শহীদদের স্মরণে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে উম্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিনে রামগড় হানাদার মুক্ত হয়। এদেশের বীর সেনারা দীর্ঘ লড়াই সংগ্রামের তীব্র আক্রমণ করে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে এই দিনে রামগড়কে হানাদারমুক্ত করে। ৮ ডিসেম্বর বিকেলে রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল সবুজের পতাকা উত্তোলন করার মাধ্যমে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।
রামগড়ের স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গেরিলা কৌশলে যুদ্ধ পরিচালনার জন্য গোটা বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল, তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর।
