

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দপ্তরের সেবা সহজীকরণ সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং রামগড় পৌরসভার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইখতেখারুল ইসলাম খন্দকার।
উক্ত সভায় জেলা প্রশাসক বলেন, সকল দপ্তরে দুর্নীতি প্রতিরোধ ও নাগরিক সেবা সহজীকরণ করতে সেবা গ্রহণকারী ও সেবা দাতা দুজনের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক আন্তরিকতা প্রয়োজন। এজন্য আমাদের সকলের মধ্যে সম্প্রীতি এবং বিশ্বাস স্থাপন গড়ে তুলতে হবে।
এসময় তিনি আরও বলেন, বিদ্যুৎ, রাস্তা, পৌরসভার পানি ব্যবস্থাপনা ও শিক্ষক সংকটসহ স্থানীয় নানা সমস্যা দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈন উদ্দিন, রামগড় সরকারি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাগড়াছড়ি জেলার সহ- সভাপতি মো.হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
