

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খানের (১৮) মধ্যে গাছের ডাব পাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি ওই দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
