

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গৌরীপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মাঝিপাড়া পূজা মন্দির কমিটির উদ্যোগে মাঝিপাড়া পূজা মন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঝিপাড়া পূজা মন্দিরে গিয়ে শেষ হয়।
মাঝিপাড়া পূজা মন্দির কমিটির আহ্বায়ক বিশ্বজিত ঘোষ বিপ্লব ও সদস্য সচিব অসীম চৌধুরী রণির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শোভাযাত্রায় সরকার পাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও পূজারীবৃন্দ অংশগ্রহণ করে।
পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা যায়, এবছর গৌরীপুর উপজেলার ৫৫টি স্থায়ী-অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
