ঢাকা
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

ত্রিশালে শিশুর ভুল চিকিৎসায় ক্ষুব্ধ পরিবার

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে অবহেলার শিকার হয়েছে মমিনুল ইসলাম নামে সাড়ে তিন বছরের এক শিশু। তাকে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে অভিযোগ উঠেছে।

শিশুটি ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মনির হোসেনের ছেলে। নানাবাড়ি অলহরী দুর্গাপুর গ্রামে বেড়াতে এসে অসুস্থ হলে গত ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় প্রস্রাবে সংক্রমণ ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক প্রেসক্রিপশন দেন। তবে ফার্মেসির কর্মীরা ও পরিবারের এক নার্স সদস্য এসব ওষুধ শিশুর জন্য অনুপযুক্ত জানিয়ে আবারও অন্য ডাক্তার দেখানোর পরামর্শ দেন। পরে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) একই হাসপাতালের আরেকজন চিকিৎসক আগের প্রেসক্রিপশন ভুল বলে শিশুকে নতুন প্রেসক্রিপশন দেন।

শিশুর মা সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, “ভুল ওষুধ খাওয়ালে আমার সন্তানের বড় ক্ষতি হতে পারতো। আল্লাহ বাঁচাইছে খাওয়ানোর আগেই জানতে পারছি। একজন ডাক্তার হয়েও শিশুদের চিকিৎসা নিয়ে এমন অবহেলা করা ঠিক নয়। সরকারি হাসপাতাল হলেও আমার বাইরে থেকে পরীক্ষা করাতে ৬শ টাকা খরচ হয়েছে।"

শিশুর মামা খায়রুল ইসলাম ক্ষোভ প্রকাশ বলেন, “মাত্র সাড়ে তিন বছরের বাচ্চাকে কীভাবে এ ধরনের বড়দের ওষুধ দেওয়া হলো বুঝতে পারছি না। ডাক্তার কি ঘুমিয়ে প্রেসক্রিপশন করেছিলেন।”

এ বিষয়ে ডা. মেহেদী হাসান বলেন, “এই ডোজ অনুযায়ী এই ওষুধ সাড়ে তিন বছরের বাচ্চাদের দেওয়া উচিত নয়। শিশুদের জন্য সিরাপ দিতে হবে। নিনটোইন এস আর ১০০ মি.গ্রা. ক্যাপসুল ও প্যারাসিটামল ৫০০সম ডোজ শিশুর দেহের সঙ্গে মানিয়ে যায় না। এটি মূলত কিশোর-প্রাপ্তবয়স্কদের ডোজ।”

অভিযুক্ত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন মৌসুমী বলেন, "এরকম হওয়ার কথা নয়। হয়তো রোগীকে সরাসরি পাইনি বা রোগীর চাপে ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।"

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. এম. জিয়াউল বারী বলেন, "প্রেসক্রিপশনে ভুল হয়ে থাকলে সেটি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে। শিশুটিকে যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে তা আমাদের হাসপাতালেই করা সম্ভব।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্বাস্থ্যসেবায় এ ধরনের অবহেলা শিশুদের জীবনের জন্য হুমকি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram