

পটুয়াখালীর কলাপাড়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) ১২টায় উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী সংলগ্নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বক্তারা লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত ৩০ জুন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ তার পরিবারের। এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা চলমান রয়েছে।
