

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজা উপলক্ষে হতদরিদ্রদের সরকারি অনুদান দেওয়া হবে এমন আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল দাশপাড়া গ্রামের অন্তত ৩৬টি পরিবার থেকে এ টাকা নেয় প্রতারক চক্র।
জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে অপরিচিত একজন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল চক্রবর্তীর মুঠোফোনে প্রতিটি মন্দির এলাকায় পাঁচ জন হতদরিদ্র পরিবারের জন্য অনুদান বরাদ্দ হয়েছে বলে জানান। সুনীল চক্রবর্তী বাঘইল দাশপাড়া গ্রামের শ্রী শ্রী বারোয়ারি মাতৃ মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্রকে জানান, উপজেলা পরিষদ থেকে পূজা উপলক্ষে হতদরিদ্রদের নগদ ৪২০০ টাকা, চাল, ডাল তেলসহ বেশ কিছু সরকারি অনুদান দেওয়া হবে। মন্দির এলাকার পাঁচজন বাসিন্দার জন্য বরাদ্দকৃত অনুদান গ্রহণ করতে উপজেলা পরিষদের একটি মোবাইল নম্বর প্রদান করে সেই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে সেই নম্বরে যোগাযোগ করলে আরও কিছু অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে ‘ঊর্ধ্বতন কর্মকর্তার’ সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় পলাশ চন্দ্রকে।
সেই প্রতারক চক্রের কথা অনুযায়ী ‘ঊর্ধ্বতন কর্মকর্তার’ সঙ্গে যোগাযোগ করলে বলা হয় বাড়তি অনুদান নিতে হলে জনপ্রতি ৬০০ টাকা করে দিতে হবে। পলাশ চন্দ্র নিজ এলাকার অন্যান্য দরিদ্র বাসিন্দাদের সঙ্গে অনুদানের ব্যাপারে কথা বললে ৩৬টি পরিবারের নিকট থেকে মোট ২১ হাজার ৬০০ টাকা তুলে বিকাশের মাধ্যমে পাঠান। পরদিন ওই নম্বর থেকে পলাশ চন্দ্রকে জানানো হয় ১১ সেপ্টেম্বর সরকারি অনুদানের গাড়ি যাবে। কিন্তু কয়েকদিন অপেক্ষা করলেও কোনো অনুদান আসেনি। যে নম্বরে অনুদানের জন্য টাকা পাঠানো হয়েছিল সে নম্বরটিও বন্ধ।
ভুক্তভোগী পরিবারগুলো পূজার আগে প্রতারণার শিকার হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুদান না পেলেও আমরা আমাদের নিজেদের টাকা ফেরত পেতে চাই। এ বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি কামনা করেন তারা।
বাঘইল দাশপাড়া শ্রী শ্রী বারোয়ারি মাতৃমন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র বলেন, ১০ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী আমাকে মুঠোফোনে ৫ জনের নামে অনুদান বরাদ্দ হয়েছে জানিয়ে উপজেলা পরিষদে যোগাযোগের একটি নম্বর দিলে সেখানে যোগাযোগ করি। তাদের পরামর্শ অনুযায়ী সেই অনুদান নিতে সরল মনে ৩৬ জনের থেকে ২১ হাজার ৬০০ টাকা তুলে বিকাশে পাঠাই। টাকা দেওয়ার পর থেকে ওই নম্বরটি বন্ধ পাচ্ছি।
এ ব্যাপারে ঈশ্বরদী পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল কুমার দাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয় দিয়ে অনুদানের কথা জানালে আমি দরিদ্রদের কথা ভেবে তাদের নম্বরটি দিয়েছি। কিন্তু বুঝতে পারিনি এটা প্রতারক চক্র। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। দেখা যাক কি হয়?
