

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও নিত্যপণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছে। এরই প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—১০,০০০ কেজি ডাল, ২,৫০০ কেজি রসুন, ১,০০০ কেজি টেস্টিং সল্ট, ২,৫০০ কেজি পেঁয়াজ, ১ লাখ ৫০ হাজার মশার কয়েল এবং ১০,০০০ রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস। এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি জোর দিয়ে বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
