

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ঘুমধুম ইউপি'র তুমব্রু মধ্যম পাড়া থেকে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। ওই সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে আসলে; বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ২ জন মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেট ও পাচারকাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যম পাড়ার বক্তার আহামদের পুত্র মোঃ আরফান অপি (১৯), অপর ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসার এর পুত্র মোঃ জিয়াবুল হক (৩৬)।
উক্ত অভিযান ও ইয়াবাসহ মাদক কারবারী আটকের বিষয়টি কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমান ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অধিনায়ক আরো বলেন, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান।
উল্লেখ্য যে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।
