

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অ, স, ম আব্দুন নূর, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সম্পাদক গণেশ সরকার, শিল্প ও বনিক সমিতির পক্ষে আনোয়ার হোসেন জনি, পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুদ, মৌবাড়িয়া মন্দির কমিটির সভাপতি স্বপন কুন্ডু বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাই শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করবে। এসময় বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, রাজেশ সরাফসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর ঈশ্বরদী উপজেলায় ৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
