

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৬৫তম গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মূলঘরের গোদাড়া চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। বাঙালি সংস্কৃতির প্রাচীন এ লোকজ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ সবাই আনন্দে মেতে ওঠেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও।
এবারের নৌকাবাইচে মোট ৮টি নৌকা অংশ নেয়। আয়োজন করে কলকলিয়া ত্রিপল্লী মাঝি মিলন সংঘ। দর্শনার্থীরা জানান, প্রতিবছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এই নৌকাবাইচ দেখতে পরিবার-পরিজন নিয়ে আসেন তারা। নৌকা বাইচ দেখে তারা ভীষণ আনন্দিত।
আয়োজন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক পিযুষ সরকার ও মহাদেব বিশ্বাস জানান, প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও মানুষ নৌকাবাইচ উপভোগ করতে এসেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো. ইফতেখারুল আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মো. মাসুদুর রহমান, খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার, নিরুপম মজুমদার প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
