ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের নুর আহম্মদ সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফারজানা আক্তার কলি (২২)। তিনি ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ ফারজানা আক্তার কলির বিয়ের ৫ বছর পার হলেও কোন সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে তার স্বামীর পরিবার নির্যাতন করে আসছিল। গত শনিবার (৬ সেপ্টেম্বর) কলির প্রবাসী স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগও কমিয়ে দেয়। সোমবার রাত ৯টার দিকে কলির শ্বাশুড়ি তার মরদেহ সিএনজি অটোরিকশাযোগে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কিছুক্ষণ পর তিনি কলির পরনে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।

নিহতের মা আমেনা বেগম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শ্বাশুড়ি স্বর্ণালঙ্কার নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

নিহতের ফুফাতো বোন সাবিয়া খাতুন বলেন, ‘কলির বিয়ে হয়েছে ৫ বছর। কোন সন্তান না হওয়ায় গত ২ বছর ধরে তাকে নির্যাতন করে আসছিল স্বামীর পরিবার। তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। কলিকে আমরা ছোটকাল থেকে চিনি, সে এতবছর কিছু করেনি কোনদিনও সে আত্মহত্যা করতে পারে না। স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ সবাই মিলে তাকে হত্যা করেছে।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে ফারজানা আক্তার কলি নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় তার শ্বাশুড়ি হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি করার জন্য তার পরনে থাকা স্বর্ণালঙ্কার খুলতে বললে নিহতের শ্বাশুড়ি সব স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। পরে আমরা জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিই।’

জোরারগঞ্জ থানার সহকারি পরিদর্শক (এসআই) হান্নান আল মামুন বলেন, ‘মরদেহের সুরতহালে গলার পেছনে দাগ দেখা যায়। শ্বশুরবাড়ীর লোকজন পলাতক থাকলেও নিহতের শ্বশুরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারন উদঘাটন করা যাবে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ওই গৃহবধূর শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমবার রাতে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হয়েছে, সেক্ষেত্রে প্ররোচনা থাকতে পারে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram