ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2025

বিদ্যালয়ে না এসেও এক বছর ধরে বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: গত বছর ৫ আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত হত্যা ও হত্যাচেষ্টার মামলার আসামী হয়ে পালিয়ে থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতার অর্থ তোলার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) রফিকুল ইসলামের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে প্রধান শিক্ষক বলছেন, ওই শিক্ষকের পরিবর্তে খন্ডকালিন একজন শিক্ষক নিয়োজিত রয়েছেন। তিনিই ওই শিক্ষকের পরিবর্তে শ্রেণী কক্ষে পাঠদান করাচ্ছেন এবং বেতন-ভাতার টাকাও দিচ্ছেন। তবে জেলা শিক্ষা অফিসার বলছেন ভিন্ন কথা, নিয়োগপ্রাপ্ত শিক্ষককের পরিবর্তে খন্ডকালিন শিক্ষক নেওয়ার কোনো সুযোগ নেই।  

খোঁজ নিয়ে জানা যায়, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম উপজেলার জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভপাতি। সেই সুবাদে তিনি জেলা পরিষদের সদস্যও ছিলেন। এরপর গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার বেশ কয়েকটি মামলা দায়ের হয়। তখন থেকে তিনি পলাতক রয়েছেন। তারপরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের সাথে সু-সম্পর্ক বজায় রেখে তিনি পালিয়ে থেকেও গত এক বছর ধরে নিয়মিত বেতন-ভাতার অর্থ তুলছেন। গত এক বছরে উৎসব ভাতাসহ প্রায় চার লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন তিনি। হাজিরা খাতায় তার স্বাক্ষরও নেই এক বছর যাবত। 

নাম প্রকাশে অনেচ্ছুক ওই বিদ্যালয়ের একাধীক শিক্ষককের অভিযোগ, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবার জেলা পরিষদের সদস্য পদে থাকার কারনে আগে থেকেই বিদ্যালয়ে তেমন একটা আসতেন না। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বদান্যতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। কেউ প্রতিবাদ করার সাহসও পেতেন না। শিক্ষকরা আরও জানান, রফিকুলের পরিবর্তে যাকে খন্ডকালিন শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে সে একই বিদ্যালয়ের কারিগরি শাখার ল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। সে মাত্র এসএসসি পাস। কি করে এটা সম্ভব ?    

নাম প্রকাশে অনেচ্ছুক একাধীক শিক্ষার্থী বলে, রফিকুল ইসলাম নামে যে একজন শিক্ষক আছেন, তারা শুধু তার নামই শুনেছে কিন্তু কখনও দেখেনি। তিনি কাল না ফর্সা, লম্বা না খাটো তাও বলতে পারে না। তবে নেতা রফিকুল মাস্টার বললে সবাই চিনেন। 

সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান বলেন,‘ তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তা সঠিক। তবে নিয়মিত বেতন-ভাতার টাকা উত্তোলন করছেন তা আমার জানা নেই। আসলে তার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযাগও করেননি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খন্ডকালিন শিক্ষক নিয়ে তিনি বলেন, কোনো সুযোগ নেই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন বলেন,‘শিক্ষক রফিকুল ইসলাম গত বছরের ৫ আগস্টের পর যেমন বিদ্যালয়ে আসেননি, তেমনি নিয়মিত বেতন-ভাতার অর্থ উত্তোলন করেছেন তা সবই সঠিক। তিনি মামলার আসামী হয়ে পলাতক থাকায় তার পরিবর্তে আরেকজনকে খন্ডকালিন হিসেবে রেখেছেন। বেতনও দেন তিনি। এ ব্যাপারে কমিটির সিদ্ধান্তও রয়েছে। তবে এখন থেকে তিনি বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন না।’

জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন,‘এবিষয়ে আমি কিছুই জানিনা। কেন প্রধান শিক্ষক অনুপস্থিত থাকা শিক্ষককে বেতন-ভাতার অর্থ দিয়েছেন তা দ্রত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তার পরিবর্তে খন্ডকালিন শিক্ষক কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষককের পরিবর্তে আরেকজনের চাকরি করার কোনো সুযোগ নেই।’   

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন,‘বিষয়টি আমি জানি। কমিটির সিদ্ধান্তে খন্ডকালিন একজন শিক্ষক নেওয়া হয়েছে। তাকে বাদ দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষকে অবগতও করা হয়েছে। সিদ্ধান্ত আসলে ব্যবস্থা নেওয়া হবে।’  

এবিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram