

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিমের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামলেও সন্ধা হয়ে যাওয়ায় স্থগিত করেন।
রোববার সকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে দুপুর আড়াইটার দিকে মুখী ব্রিজ ঘাট এলাকায় নিখোঁজ জসিম মোড়লের লাশ ভেসে ওঠলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট নদীর পাড় এলাকায় সূত্রধর বাড়িতে একটি তদন্তে যায় পুলিশ। সেসময় পুলিশকে দেখে পাশের হিন্দুূ সম্প্রদায়ের মঠ থেকে জসিম, ফাহিম ও সোহেল নামে তিন যুবক সামনের সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, এই যুবকরা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের ভয়ে প্রাণ বাঁচাতে সুতিয়া নদীর মুখী ব্রীজঘাট এলাকায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় জসিম মোড়ল। নিখোঁজ জসিম মোড়ল (৪৫) মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুর রহমান জানান, সুতিয়া নদী থেকে দুপুরের দিকে লাশ উদ্ধার হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, নিখোঁজ জসিমের লাশ উদ্ধার হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল তৈরি করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
