

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীতে সব ধরনের অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে আদালতের রায় যাচাইয়ের পর। ইতোমধ্যে বহু অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, বাকি স্থাপনাগুলো চিহ্নিতের কাজও চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্তকরণ সংক্রান্ত সভায় অংশ নেন। সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া এখন আর আন্তঃরাষ্ট্রীয় ঘটনা বলা যাবে না, কারণ এগুলো সংঘটিত করছে একটি বিশেষ গোষ্ঠী। তারা জেলেদের টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করতে হবে। পাশাপাশি বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিং শেষে উপদেষ্টা বাঁকখালী নদীর রাবার ড্রাম প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।
