

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে অন্তর ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘাগটিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। নিহত অন্তর ইসলাম বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে অন্তর ইসলামসহ আরও সাতজন বন্ধু বুধবার রাতে (বৃহস্পতিবার ভোরে) তারাইকান্দি গ্রামে আসে। সবাই ঢাকার শাহজাদপুর এলাকার একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার বিকাল ২টার দিকে তারা বিয়েবাড়ির পাশের ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে নামে। এসময় নদীর মাঝখানে গিয়ে অন্তর ইসলাম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
