

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের নির্দেশে ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীরের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই শিবলী নোমানী ও সঙ্গীয় ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নুপুর আক্তারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। বর্তমানে সে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে। তার নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবদুর রাজ্জাক মীর জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
