

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: “করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উদ্যোগে মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে এ অনুষ্ঠান হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস’র সভাপতিত্ব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক মো: গোলাম রসুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে উপস্থিত কিশোরীদের মাঝে সঞ্চয়ের টাকা, বিনামূল্য প্রশিক্ষণ সামগ্রী স্যানেটারী ন্যাপকিন, খাতা, কলম ও স্কুলব্যাগ বিতরণের পাশাপাশি সকল কিশোরী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও উপস্থিত অতিথিসহ বাল্য বিবাহকে না বলুন শপথ নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
