

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াঁকো এলাকায় সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপি'র দু' গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে বারৈয়ারহাট-রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দু'দিকে শতাধিক যানবাহনের হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আব্দুল মালেক অনু (৩৫), মো.বাবুল (৬০) ও মো.শরিফ (২৮)। আহতরা স্থানীয় বিএনপি ও যুবদলের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখল-বেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ। এ সময় মানববন্ধন শেষে সড়ক অবরোধ করলে মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে মানববন্ধনকারীরা সড়ক থেকে চলে যায়।
পরে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরে নুরুল আমীন ও এক সময়ের সাবেক যুবদল নেতা নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে মৃদু সংঘর্ষ বেঁধে যায়। পরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন, দাঁতমারা এলাকায় দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করলে হামলা করে।
এক সময়ের সাবেক যুবদল নেতা, বর্তমানে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ধরনের কোনো কার্যক্রমে আমি জড়িত নই। বিগত ২০০৮ সালের পর প্রায় ১৭ বছর আমাকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। এসময় আমার বসত ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখনকার সময়ে আমার দুই ভাইকে হত্যা করা হয়। এ অবস্থায় আমি ও পরিবার এলাকা ছেড়ে চলে গেলে আমার পৈত্রিক জায়গা অনেক দখল করে নেয়। এসব জায়গা উদ্ধারে গেলে আমার নামে ষড়যন্ত্র শুরু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) মো: নুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো:মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করি দু’পক্ষের বিরাজমান পরিস্থিতি শান্ত হবে।
