ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2025

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি জানান, ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে উমর ছিদ্দিকের মালিকানাধীন। ট্রলারটিতে ৭ জন মাঝিমাল্লা ছিলেন।

মাঝি এবাদুল্লাহ বরাত দিয়ে আবুল কালাম বলেন, সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করে। অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, গত ২০ দিনে নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তার মধ্যে ২৪ আগস্ট (রবিবার) দুটি ট্রলারসহ ১৪ জেলে, ২৩ আগস্ট (শনিবার) একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে, ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে গেছে। গত বছরের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

এ বিষয়ে জানতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram