

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে মদ্যপ অবস্থায় এএসপির বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম কাবিল মৃধা (৩০)। সে উপজেলার নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং বটকাজল গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবিল মৃধা একটি ছুরি হাতে নিয়ে বাউফলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলামের কলেজ রোডস্থ বাড়িতে যায়। ওই সময় এএসপির বাবা আব্দুল মোতালেব বাড়িতে উপস্থিত ছিলেন। কাবিল তাকে সামনে পেয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সে বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করে। ঘটনাটি স্থানীয়রা আঁচ করতে পেরে তারা বাড়িতে ঢুকে কাবিলের তান্ডব থামিয়ে তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে কাবিল মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
