

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ হাসপাতালটি নির্মাণ করার দাবিতে একটি বিশাল মানববন্ধন করেছে সরাইল উপজেলাবাসী।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাষ্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
বক্তারা দাবী করেন, সরাইল উপজেলায় প্রায় ২০ কিঃমিঃ এলাকা রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে। আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সংলগ্ন সরাইল উপজেলাটি। সরাইল উপজেলায় এ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটি স্থাপন করলে জেলার সকল উপজেলার লোকজন সহজে আসা-যাওয়া করতে পারবেন। তাই মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া জেলার এ সরকারি মেডিকেল কলেজটি সরাইল উপজেলায় নির্মাণের দাবী করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য সরকারি হাসপাতালটি অনুমোদন করায় ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান স্বাস্থ্য উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বক্তারা।
