

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে আরাফাত হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের টাঙ্গন নদীর নিলাঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (১৭) উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকনের ছেলে।
নিহতের মামাতো ভাই শহিদুল ইসলাম জানান, আরাফাত হোসেন বন্ধুদের সাথে টাঙ্গন নদীর নিলাঘাটে গোসল করতে যায়। এসময় আরাফাত নদীর গভীরে চালে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত হোসেন করনাই এইচকে হাইস্কুল এন্ড বিএম কলেজে'র ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

