

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর রোডের রসুলপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাস্তায় বালু রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এ রাস্তায় চলাচলকারী যাত্রী ও গাড়িচালকরা দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রহস্যজনক কারণে সাধারণ মানুষ ও গাড়ি চালক কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গাড়ি চালক বলেন, বালুর স্তূপের কারণে সড়ক সরু হয়ে পড়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে গাড়ির আলোতে এ সব বালুর স্তূপ স্পষ্ট বোঝা যায় না, ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই আমাদের এ সড়কে চলাচল করতে হয়।
পথচারী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে রাস্তার উপর বালু ফেলে ব্যবসা চালালেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। অথচ পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ জেলা সদরে যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করে। নিজের পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় বালু রেখে ব্যবসা করা এখানকার নিত্যদিনের ঘটনা। এতে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে"।
স্থানীয়দের দাবি, সড়কের বালু সরিয়ে অবিলম্বে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “তিনি চাইলে দ্রুত ব্যবস্থা নিয়ে এ সমস্যার সমাধান করতে পারেন"।
