

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: মুছাপুর রেগুলেটর’ দ্রুত পুণ:নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির উদ্যোগে ১৬ আগস্ট শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীতে টেকসই উন্নয়নের জন্য জোর দাবি জানানো হয়। শেখ মোহাম্মদ সাজ্জাদুল হকের সভাপতিত্বে ও নুরুল আবছার তৌহিদ এবং আবু আহম্মদ মিয়ার যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শামসুল হক।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাড.আবদুল ওয়াহাব, কাজী এম এ হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মো. সাইফুল আলম, জাকিয়া সুলতানা, জসিমউদ্দীন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মো. মেজবাহ উদ্দিন, জহিরুল ইসলাম ও আব্দুস সোবহান প্রমূখ।
এসময় তারা বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসা এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। এতে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান-যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি।
মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। তারা প্রধান উপদেষ্টা, পরিবেশ, পানিসম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ করেন। দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন।
