

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর অটো রিকশা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ) সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই নারী একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী জরিনা বেগম (৪০)।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পরিবারের বরাত দিয়ে জানান, মৃত জরিনা বেগমের প্রতিবেশি আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি অটো রিকশা কিনে নিয়ে আসেন। রাতেই বৈদ্যুতিক লাইনে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে সেই অটো রিকশা দেখতে যান জরিনা বেগম। অটো রিকশাতে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।
