

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামী শাড়িসহ ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বড় ধরণের চোরাচালান সংঘটিত হতে পারে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ অভিযানে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ কহয়। যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামি শাড়ি জব্দ করে। যার মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।
পাশাপাশি, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা ও ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাইসাইকেল আটক করে। যার মূল্য ২৬ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এ পর্যন্ত ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও পণ্য আটক হয়েছে।
