ঢাকা
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

কালাইয়ে গৃহকর্তাসহ চারজনকে বেঁধে রেখে দশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিকে নিচতলায় গ্রিল কেটে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গৃহকর্তাসহ চারজনকে বেঁধে মারপিট করে চারটি মোবাইল, আলমারিতে থাকা নগদ এক লাখ বিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিক থেকে দ্বিতল ভবনের নিচতলায় গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ডাকাতরা নিচতলা থেকে দ্বিতীয়তলায় প্রবেশ করে প্রথমে গৃহকর্তাসহ পরিবারের চারজনের হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে। এরপর তারা ঘরের মধ্যে আলমারির ড্রয়ার থেকে শুরু করে সকল আসবাবপত্র তছনছ করে কাপড় ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলে চারটি মোবাইল, এক লাখ বিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণলংকার লুট করে পালিয়ে যায়। পরে গৃহকর্তা ও অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়।

গৃহকর্তা নাফসি তালুকদার বলেন, ‘কখন যে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছে তা একটুও টের পাইনি। ডাকাতরা ৭/৮ জন ছিল, তাদের সবার হাতে চাপাতি ও লোহার রড ছিল। কিছু বলার আগেই তারা আমাকেসহ স্ত্রী ও সন্তানদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। চিৎকার করলে সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়। প্রায় ৪৫ মিনিট তারা বাড়িতে ছিল। তারা যাওয়ার পর চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়। এ সময়ের মধ্যে ডাকাতরা আলমারির ড্রয়ারে থাকা দশ ভরি স্বর্ণালংকার, এক লাখ বিশ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।’

প্রতিবেশী সোহেল তালুকদার বলেন, ‘রাতে ওদের চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখি সবার হাত-পা ও চোখ বাঁধা। ডাকাতরা আলমারির কাপড় ও কাগজপত্র ঘরের মেঝেতে ফেলে দিয়েছে। আর টাকা, স্বর্ণ ও মোবাইল নিয়ে গেছে। তিনি আরও বলেন, ৫০ বছরের অধিক আমার বয়স, কখনও এই মহল্লায় ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি। আজকের এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্বশক্রতার জেরে ঘটতে পারে বলে আমার মনে হচ্ছে। তদন্ত করলেই সঠিক তথ্য বের হয়ে আসবে।’

গৃহকর্তী তাজমিনা বলেন, ‘রাতে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে প্রথমে সবাইকে জিম্মি করে। এরপর তারা ঘরে প্রবেশ করে সবকিছু তছনছ করে চারটি মোবাইল, টাকা ও দশ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। পরে আমরা চিৎকার করলে প্রতিবেশীরা বাড়িতে এসে সবার বাঁধন খুলে দেয়।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram