

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের আওতাধীন বেতছড়ি সাব জোনের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে সেনা সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত পণ্যের বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, এসব সিগারেট ভারত থেকে অবৈধভাবে এনে স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি বলেন, ‘জব্দ করা অবৈধ মালামাল কাস্টমসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে দীঘিনালা জোন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
