

লালপুর (নাটোর) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ত্রিমোহিনী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি সাহীন ইসলাম, সহসভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল হৃদয় প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের ভয়ংকর বার্তা। এ ধরনের নৃশংসতা সাংবাদিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, যা জনগণের জানার অধিকারকে সীমিত করবে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলার সাহস না পায়।
