ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2025

মানিকছড়ির সাইল্যাচর-কুমারী কাচা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মো: শহীদুল ইসলাম, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের প্রত্যন্ত জনপদ কুমারী এলাকা। উঁচু-নিচু পাহাড়, অবারিত মাঠ আর সবুজ ক্ষেতে ঘেরা এই গ্রামের আঁকাবাঁকা পথ যেমন বিমোহিত করে তেমনি হতাশা আর দুখের গল্পও শোনায় প্রতিদিন।

কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে সাইল্যাচর বৌদ্ধ বিহার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাচা সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শতাধিক পরিবারের প্রায় ২৫০-৩০০ মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাচা সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষার মৌসুমে এই রাস্তায় হাঁটাও দুষ্কর হয়ে ওঠে।

রোববার (৩ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন কিলোমিটার এই কাচা সড়কের এক-তৃতীয়াংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কৃষিনির্ভর এই জনপদে উৎপাদিত কৃষিপণ্য ও ফলফলাদি পরিবহন ও বাজারজাত, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত কিংবা মুমূর্ষু রোগীকে হাসাপাতালে আনা-নেয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

সাইল্যাচর এলাকাবাসী জানায়, 'যুগের পর যুগ এভাবেই বর্ষার মৌসমে দুর্ভোগ পোহাচ্ছে এখানকার মানুষ। যেন দেখার কেউ নেই! এই সড়কে উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি কখনো'। এসময় দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানায় এলাকাবাসী।

স্থানীয় পাড়া কার্বারী উসামং মারমা আক্ষেপ করে বলেন, বর্ষার ছয় মাস একটি শিশুও ঠিকমতো স্কুলে যেতে পারেনা। মানুষ অসুস্থ হলে প্রাচীন কালের মতো কাঁধে করে নিতে হয়।

স্থানীয় ইউপি সদস্য কংচাইরী মারমা জানান, এই সড়কটি সংস্কারে ইউনিয়ন পরিষদ ও এলজিইডি'র মাধ্যমে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হলেও কোন ফল মেলেনি।

মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান বলেছেন, বরাদ্দ পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব এই সড়কটি সংস্কার করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram