ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

সখীপুরে সড়কে খানাখন্দে বেহাল দশা, জনভোগান্তি চরমে

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া-সখীপুর, কচুয়া-আড়াইপাড়া ও নলুয়া-চতল বাইদ সড়ক যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দীর্ঘ ৮ কিলোমিটার এবং নলুয়া-চতল বাইদ (এলজিইডি) সড়কগুলোর প্রায় পুরোটা জুড়েই ছোট-বড় খানাখন্দ তৈরি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। এসব সড়কগুলোতে প্রতিদিন হাজারো যানবাহন, শিক্ষার্থী, ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষের চলাচল করলেও দীর্ঘদিন কোনো ধরনের টেকসই সংস্কার হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

জানা যায়, এসব সড়কগুলোর কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়াও গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে সখীপুর পৌর শহর, টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, ঘাটাইল, ফুলবাড়িয়া, কালিহাতি, ভালুকা, গফরগাঁও এবং ময়মনসিংহ সদর যেতে হয়। বেশ কয়েকটি জেলা ও উপজেলার সংযোগ সড়কও এটি। এ সড়ক দিয়েই দেশের অন্যতম বৃহৎ কলার হাট কুতুবপুরেও যেতে হয়। এদিকে কচুয়া-সখীপুর, কচুয়া-আড়াইপাড়া ও নলুয়া-চতল বাইদ সড়কে প্রতি বছর বর্ষা এলেই এমন দুর্ভোগ পোহাতে হয় বলে পথচারী ও স্থানীয়রা জানিয়েছেন। এবার বর্ষায় এ সড়কের পিচ উঠে নিচের মাটি বেরিয়ে বড় বড় গর্তের তৈরি হয়েছে। এতে এসব সড়কের বিভিন্ন জায়গায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এবং ভারী যানবাহন আটকে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির টেকসই সংস্কার না হওয়ায় একদিকে পথচারী, শিক্ষার্থী এবং হাসপাতালে জরুরি সেবা প্রত্যাশীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে কলা ব্যবসায়ী, পোল্ট্রি খামারি, ডিম ব্যবসায়ী, মৎস ব্যবসায়ীসহ এ অঞ্চলের সবজি ও কাঁচামাল আমদানি ও রপ্তানিকারকরাও চরম ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এতে আমদানি এবং রপ্তানি করা পণ্যের দামও বেড়ে যায়।

ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, এই রাস্তায় বৃষ্টির পানি জমে বড়বড় গর্তের কারণে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হয়। মাঝে মধ্যেই যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগ দেখা দেয়। ফলে ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক প্রভাব পড়ে।

ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বলেন, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় জামা-কাপড় কাঁদা পানিতে ভিজে যায়, কখনো কখনো পড়ে যাই। অনেক সময় ভ্যান নিয়েও যেতে পারি না।

ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো.রফিকুল ইসলাম মিয়া বলেন, আমরা মেয়েকে এখন স্কুলে পাঠাতে ভয় পাই। রাস্তা প্রচণ্ড খারাপ, হেঁটেও যাওয়া যায় না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

অটোরিকশা চালক মো.শাহজাহান মিয়া বলেন, আড়াইপাড়া থেকে কচুয়া যেতেই গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। সড়কে খানাখন্দ থাকায় গাড়ি অল্প কদিন চালালেই নষ্ট হয়ে যাচ্ছে। আয় যা করছি গাড়ি মেরামত করতেই তা শেষ হয়ে যাচ্ছে।

সাবেক প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, এই সড়ক দিয়ে হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। উন্নয়নের যুগে এসে এখনও আমরা রাস্তাই চাই, এটা দুঃখজনক।

নলুয়া-চতল বাইদ সড়কে চলাচলকারী ব্যবসায়ী মো.জগলু মিয়া বলেন, গত ৩/৪ বছর আগে এই সড়কের কাজ শেষ হয়। আর এখনি সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে কখনো কখনো বড় গাড়ি তো চলেই না, তখন মোটরসাইকেল নিয়েও চলাচল করা যায় না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে সড়কে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে সড়কের মিলপাড়া নামক স্থানে জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হয়। সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেনটেনেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া হতে সখীপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দুই-তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram