

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে মেসার্স হাজী ফার্মেসীর মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও সরদার ড্রাগের মালিক ইয়াসিন আলীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুসা নাসের চৌধুরী। এ সময় ঔষধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব ও পাবনা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে সংরক্ষণ করার অপরাধে ৩ ঔষধ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে। পরবর্তীতে যেসকল ফার্মেসীতে লাইসেন্স নেই, মালিকের ফার্মাসিস্ট ট্রেনিং নেই এবং এন্টিবায়োটিক ঔষধ বিক্রির তালিকা থাকবে না তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হবে।
