

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ঢাকার মিটফোর্ডের হত্যার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান (৩৮) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা পৌনে ১২টার দিকে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় চেয়ারম্যানকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। হাবিবুর রহমান শহীদ ওয়াবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান বলেন, ‘মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় আল আমিন শেখসহ কয়েকজন সন্ত্রাসী তার কাছে কয়েক দিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় রবিবার দুপুরে পরিষদের ভেতরে প্রবেশ করে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে হামলা করে। ’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবির বিষয় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলার ঘটনা সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি।
