

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দূর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এসময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্রসহ বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে। প্রিজনভ্যান থেকে নামানোর সময় তার দিকে ডিম ছুড়ে মারে। আদালতে তোলা হলে বিচারক উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানী করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করার অস্ত্রের জোগানদাতা ছিল নাঈমুর রহমান দুর্জয়। তার আশ্রয়-প্রশয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে। বিস্ফোরক আইনের মামলায় তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে সাত কার্যদিবসের মধ্যে কার্যক্রম শেষ করে আদালতে রিপোর্ট পেশ করার জন্য বলেছেন। এছাড়া ক্যাসিনো কারিগর, বালুমহালে কেলেংকারি ও শিক্ষা ক্ষেত্রে চাকুরী বাণিজ্যের ক্ষেত্রেও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলেন আইনজীবীরা।
আসামির পক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।
উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ নির্বাচনী আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে এমপি হন দূর্জয়। ৫ আগষ্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করে। এছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দূর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানী হবে।

