ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

গোপালগঞ্জে মা-বাবার পা ধুয়ে দিলো তিন শতাধিক শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে “গুরুজনে কর নতি” ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে মা-বাবার পা ধুয়ে দিলো তিন শতাধিক শিক্ষার্থী। কোটালীপাড়া উপজেলার এস কে এম এইচ উচ্চ বিদ্যালয় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মা-বাবাসহ গুরুজনদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা বাড়ার পাশাপাশি আলোকিত জীবন গড়ে উঠবে বলে মনে করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সরেজমিনে দেখ যায়, ওই স্কুলের মাঠে চেয়ারে বসে আছে মা-বাবা আর গুরুজন। তার পাশেই পানি, ফুল, ধুপকাঠি আর মোমবাতি নিয়ে বসে আছে তাদের সন্তানরা। কিছুক্ষণ পরই এক সাথে মা-বাবা আর গুরুজনদের পা ধুয়ে মুছে দিয়ে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে ফুল ছিটিয়ে আশির্বাদ নিলো সন্তানেরা। এমন ভক্তি দেখে মা-বাবারা চোখে পানি ধরে রাখতে পারেনি। আর মা-বাবাকে জড়িয়ে আবেগাপ্লুত সন্তানরাও। এ আয়োজনের মধ্যে দিয়ে মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধাভক্তি শিক্ষা গ্রহণ করতে পেরেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি নিবেদনের শপথ গ্রহণ করে।

মঙ্গলবার বিকালে এস কে এম এইচ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত “গুরুজনে কর নতি” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিদ্দিক নুর আলম। এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যানুরাগী খগেন্দ্র নাথ গাইন, ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রবীন্দ্র নাথ বৈদ্য, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি যতীন্দ্র নাথ বল্লভ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পঙ্কজ কুমার বৈদ্য, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি সুনিল চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা বলেন, “গুরুজনে কর নতি” অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় আমাদের গুরুজনদের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে আমরা জানতে পারলাম জীবনে বড় হতে গেলে গুরুজনদের আশির্বাদ ও দোয়া প্রয়োজন। তাদের আশির্বাদ ও দোয়া ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়।

স্থানীয় অভিভাবকরা বলেন, গুরুজনদের প্রতি সম্মান দেখাতে শিক্ষার্থীদের মাঝে নীতি-নৈতিকতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা গড়ে উঠবে। সেই সাথে এই ধরণের কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের মনন ও মেধার উন্নতি হবে।

এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈ বলেন, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শেখাতে এমন আয়োজনের কথা চিন্তা করি। তারই ধারাবাহিকতায় “গুরুজনে কর নতি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে নীতি-নৈতিকতা গড়ে তুলতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিদ্দিক নুর আলম বলেন, “গুরুজনে কর নতি” অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিটি শিক্ষার্থী মানবিক গুনাবলি নিয়ে সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। এতে করে বৃদ্ধ বয়সে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবেনা কোন সন্তান। শিক্ষার্থীদের মানবিক হিসাবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি স্কুলে এমন আয়োজন করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram