

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাত এক নারীর বস্ত্রহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেলাব উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার বিকেলে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
ওসি আরও জানান, কে বা কারা কী কারণে কোথায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

