

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তা এবং চার কনষ্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা হয়েছে। কক্সবাজার শহরস্থ পত্রিকা অফিস থেকে গভীর রাতে এক সাংবাদিককে অপহরণপূর্বক চকরিয়া থানায় তুলে নিয়ে হত্যাচেষ্টা, মারধর, লুটপাট ও চাঁদা দাবি শেষে মামলা দিয়ে কারাগারে প্রেরণের অভিযোগে ২৭ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে এ মামলাটি দায়ের করেন ভিকটিম মনছুর আলম মুন্না। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার।
এ মামলায় চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, দুই এসআই যথাক্রমে ফরহাদ রাব্বি ইশান ও সোহরাব সাকিব, এএসআই পারভেজ ও চার কনষ্টেবলকে আসামি করা হয়েছে।
মামলার ফৌজদারী দরখাস্তে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে প্রধান আসামি চকরিয়া থানার ওসির নির্দেশে সুদুর চকরিয়া থেকে কক্সবাজার শহরের কৃষি অফিস সড়কের দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার অফিসে এসে থেকে তাকে তুলে নিয়ে যায় চকরিয়া থানার এসআই ফরহাদ রাব্বি ঈশান, এসআই সোহরাব সাকিব ও এএসআই পারভেজসহ ৪ জন কনস্টেবল।
এ সময় পত্রিকা অফিসে রক্ষিত ২টি ল্যাপটপ, ৪টি পেনড্রাইভ ও অন্যান্য সামগ্রী লুট করে পুলিশ। এরপর তাকে চকরিয়া থানায় নিয়ে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন করেন আসামিরা। এভাবে ১ দিন আটকে রেখে মিথ্যা মামলা দিয়ে চালান দেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। প্রায় ২১ দিন পর জামিনে মুক্তি পান মনছুর।
বাদীর নিয়োজিত আইনজীবি সালাহ উদ্দীন আহমদ বলেন, এ মামলায় ওসি নিজেই বাদী ও নিজেই রেকর্ডকারী কমকর্তা। তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গভীর রাতে নিজের আঞ্চলিক এখতিয়ার বহির্ভূত এলাকায় গিয়ে একজন সাংবাদিককে ধরে এনে নির্যাতন করা আইনের পরিপন্হী ও মানবাধিকার লংঘন।
অভিযুক্ত ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার বিষয়টি জেনেছি। নিজে বাদী হয়ে নিজেই মামলা রেকর্ডকারী কর্মকর্তা হওয়ার ব্যাপারে তিনি বলেন, রেকর্ডকারী কর্মকর্তার অনুপস্থিতিতে থানার একজন কনস্টেবলও মামলা রেকর্ড করতে পারে। মামলা রেকর্ড হওয়ার সময় তিনি থানার বাইরে ছিলেন বলেও দাবি করেন।
আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বলেন বিজ্ঞ বিচারক আকতার জাবেদ মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
