

মো. খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) কালিয়া পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাসিব এবং কালিয়া থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।
অভিযানকালে খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় রোগী ভর্তি থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি না পাওয়া, লাইসেন্সের মেয়াদসংক্রান্ত সমস্যা এবং অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়া প্রদানকারী চিকিৎসকের নাম-সংক্রান্ত তথ্য যথাযথভাবে না পাওয়াসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস ক্লিনিক মালিকদের দ্রুত চিহ্নিত ত্রুটি ও সমস্যাগুলো সমাধান করে নিয়মনীতি মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
