ঢাকা
logo
প্রকাশিত : July 1, 2026

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন এবং আইনি জটিলতা কাটানোর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বর্ধিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। যা লাখো প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

পূর্বঘোষিত ৩০ জুনের কঠোর সময়সীমা শেষ হওয়ার পরপরই মন্ত্রণালয় এই নতুন ঘোষণা দিল।

২৯ জুন সৌদির শ্রম খাতের ডিজিটাল প্ল্যাটফর্ম 'কিওয়া' (Qiwa) একটি জরুরি নির্দেশনা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করতে হবে।

১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ, তাদের নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে।

কোনো কর্মীর ওয়ার্ক পারমিট না থাকলেও ইকামার মেয়াদ যদি অন্তত ১৮০ দিন থাকে, তবে তাকে বাদ দেওয়া হবে না। কিন্তু ১৮০ দিনের কম হলে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই একসঙ্গে নবায়ন করতে হবে। কর্মীকে বৈধ পারমিট ছাড়া কাজ করানোর মেয়াদের সব বকেয়া আর্থিক দায় ও ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

কঠোর এই নির্দেশনার পর মঙ্গলবার (৩০ জুন) শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নিয়ম প্রতিপালনের হার বাড়াতে নতুন ঘোষণা দিয়েছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

নতুন ঘোষণায় বলা হয়েছে, ​বিশেষ সুযোগের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হলো।

​কারা এই সুবিধার আওতায় পড়বেন?

১. যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের (Work Permit) মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়ে গেছে।

২. যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।

​মন্ত্রণালয় কেন এই সময় বাড়াল?

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বিগত সময়ে প্রবিধান মেনে পরিস্থিতি সংশোধন করার ক্ষেত্রে প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বিপুল সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে। এতে সৌদির শ্রমবাজারে নিয়ম প্রতিপালনের (Compliance) হার অনেক বেড়েছে।

​ব্যবসায়ী এবং কর্মীদের পরিস্থিতি সংশোধনের জন্য একটি অতিরিক্ত ও চূড়ান্ত সুযোগ দিতেই এই সময়সীমা চলতি বছরের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো। এর ফলে নিয়োগকর্তারা কোনো আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের কাগজপত্র বৈধ করার সুযোগ পাবেন।

​নিয়োগকর্তা ও কর্মীদের জন্য করণীয়

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বর্ধিত সময়সীমা দেওয়া হলেও অবহেলা করার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি সংশোধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​তাই যেকোনো আইনি জটিলতা বা অতিরিক্ত আর্থিক জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বর ২০২৬-এর আগেই বকেয়া ওয়ার্ক পারমিট নবায়ন করা, নতুন পারমিট ইস্যু করা কিংবা প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানে সেবা স্থানান্তরের (কাফালা) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram