

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ও জেলা কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুগুলো সামনে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে তিনটি পৃথক আবেদন জমা দিয়ে জনদুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কল্যাণ সাগর দিঘি সংস্কার ও আধুনিকায়ন
কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কল্যাণ সাগর দিঘির পাড় দীর্ঘদিন অবহেলায় ভেঙে পড়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা দ্বারা পরিবেষ্টিত এই এলাকাটির গুরুত্ব বিবেচনায় দিঘির পাড় সংস্কার, নিরাপত্তা রেলিং স্থাপন, হাঁটার পথ নির্মাণ, আলোকসজ্জা, বসার বেঞ্চ স্থাপন, বৃক্ষরোপণ ও শিশুদের বিনোদনের সুবিধাসহ এটিকে আধুনিক পার্কে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি।
বামুটিয়ায় সড়ক নির্মাণের দাবি
কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বামুটিয়া উত্তর পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সড়ক সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে ভরা পথে চলাচল চরম কষ্টকর হয়ে ওঠে। এমনকি জরুরি চিকিৎসা কিংবা জানাজা-দাফনের ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় বামুটিয়া ব্রিজ এলাকা থেকে মূল সড়ক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আখাউড়া পৌরসভাকে UGIIP-IV প্রকল্পে অন্তর্ভুক্তির প্রস্তাব
আখাউড়া পৌরসভাকে চলমান UGIIP-IV প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া। একই সঙ্গে টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়নের প্রক্রিয়ায় পৌরসভাটিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান, যাতে এলাকার অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।
তিনটি আবেদনেই তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনগুলোর অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছেও পাঠানো হয়েছে।
