

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, বর্তমান কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। মাঠ পর্যায়ে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান কমিশন দেশের সংঘাত এবং লজ্জাজনক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায়।
এসময় এগারো দলের অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন সকাল ৮ টা থেকে এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
