ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

৩ কোটি মানুষের শেষ ঠিকানা ২৫৩ একর

রাজধানী ঢাকায় তিন কোটির বেশি মানুষের বসবাস। অথচ বিপুল এই জনগোষ্ঠীর শেষ ঠিকানার জন্য দুই সিটি করপোরেশনের অধীন সরকারি কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই সিটির অধীন সরকারি কবরস্থান রয়েছে মোট ১৩টি। সব মিলিয়ে সেখানে দুই লাখ ৩৩ হাজার ৫৭৮ জনের মরদেহ কবরস্থ করার ব্যবস্থা রয়েছে।

হিসাব করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন কবরস্থানের মোট জমির পরিমাণ ৬১ একর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন রয়েছে ১৯২ একর।

সংশ্লিষ্টরা বলছেন, জনসংখ্যার তুলনায় এই এই জায়গা এতটাই অপ্রতুল যে পুরনো কবর পুনর্ব্যবহার এখন রাজধানীর কবরস্থান ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সিটি করপোরেশনের দেওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা উত্তরে সরকারি কবরস্থান সাতটি। এগুলো হলো বনানী, মিরপুর শহীদ বুদ্ধিজীবী, রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন কবরস্থান, উত্তরা ৪, ১২ ও ১৪ নম্বর সেক্টর ও নতুন চামুরখান কবরস্থান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন রয়েছে ছয়টি সরকারি কবরস্থান। এর মধ্যে আজিমপুর পুরাতন ও নতুন, জুরাইন, খিলগাঁও, ধলপুর ও মুরাদপুর শিশু কবরস্থান। ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় ও পুরনো কবরস্থান আজিমপুর। প্রায় ৩৫ একর জমির ওপর গড়ে ওঠা এই কবরস্থানে বর্তমানে প্রায় ২৫ হাজার কবর রয়েছে। সংরক্ষিত কবরের সংখ্যা দুই হাজার ৬০০টি।

প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ এখানে দাফন করা হয়। আজিমপুরে আড়াই একর আয়তনে আরেকটি নতুন কবরস্থান হয়েছে, যেখানে সংরক্ষিত কবর রয়েছে দুই হাজার ৫০টি।

এই হিসাবে শুধু আজিমপুরেই বছরে প্রায় ৯ থেকে ১১ হাজার নতুন মরদেহ দাফনের প্রয়োজন পড়ে। দায়িত্বশীলরা বলছেন, নতুন জমি যোগ হওয়ার সুযোগ প্রায় নেই। জায়গার সংকটের কারণে স্বাভাবিকভাবে কবর স্থায়ী করার প্রক্রিয়াও প্রায় বন্ধ। একই জমি তাই ঘুরেফিরে ব্যবহার করতে হচ্ছে।

অন্যদিকে বনানী কবরস্থানে রয়েছে ৯ হাজারের বেশি কবর। সেখানে নতুন কবরের জন্য জায়গা নেই। ফলে পুরনো কবরই পুনর্ব্যবহার করা হচ্ছে।

সাধারণত দুই বছর পর একটি কবরের জায়গায় আবার নতুন মরদেহ দাফন করা হয়। ডিএনসিসির নীতিমালাতেও সাধারণ এলাকার কবর সর্বোচ্চ দুই বছর রাখার কথা বলা হয়েছে।

একই স্থায়ী কবরে একাধিক মরদেহ দাফন করেও জায়গার ব্যবহার বাড়ানো হচ্ছে। কোনো কোনো স্থায়ী কবরে সাতজন পর্যন্ত দাফন করা হয়েছে।

জায়গার সংকট মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চামুরখান কবরস্থান। এটি নিয়ে উত্তরে কবরস্থানের সংখ্যা এখন সাত। কিন্তু নতুন এই কবরস্থানেও বর্তমানে মাত্র প্রায় ৪০০টি কবর দেওয়ার মতো জায়গা রয়েছে।

উত্তর সিটির একজন কর্মকর্তা জানান, সংকট আরো বাড়িয়েছে দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণ। বিশেষ করে ঢাকা দক্ষিণে থাকা কবরস্থানের জমির অর্ধেকেরও বেশি বিভিন্ন মেয়াদে সংরক্ষিত হয়ে আছে। এসব জায়গায় মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মরদেহ দাফনের সুযোগ নেই।

উত্তরেও ১৫ ও ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ডিএনসিসির নীতিমালায় ছয়টি কবরস্থানের জন্য ১৫ ও ২৫ বছরের আলাদা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। একটি কবর যত দীর্ঘ সময় সংরক্ষিত থাকে, তত দিন ওই জায়গাটি নতুন দাফনের জন্য ব্যবহার করা যায় না। ঢাকা উত্তরের নীতিমালায় সাধারণ এলাকার কবর সর্বোচ্চ দুই বছর পর্যন্ত রাখার বিধান রয়েছে। সংরক্ষিত কবরের মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না করলে সেটিও সাধারণ কবর হিসেবে গণ্য হবে। পরে সেখানে অন্য মরদেহ দাফন করা যাবে।

নীতিমালায় প্রয়োজন অনুযায়ী একই জায়গা নতুনভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি কবরের অবস্থান ও দাফন করা ব্যক্তির তথ্য সংরক্ষণ এবং কবরস্থানগুলোর মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা রয়েছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার জরিপে দেখা গেছে, গত কয়েক দশকে ঢাকার আয়তন ও জনসংখ্যা দুটিই পাল্লা দিয়ে বেড়েছে। নতুন নতুন আবাসিক এলাকা হয়েছে। শহর বিস্তৃত হয়ে ছড়িয়ে গেছে চারদিকে। কিন্তু সেই অনুপাতে মৃত মানুষের জন্য নতুন জায়গা তৈরি হয়নি। ফলে তিন কোটি মানুষের বিপরীতে ২৫৩ একর সরকারি কবরস্থানের ওপর চাপ বাড়ছেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram