

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বাংলাদেশের ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বুধবার (১৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার এর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
মন্ত্রী শরীফুল আলম আরো বলেন, সুতি শাড়ি, জামদানি, রেশমি শাড়ি এসব নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে সরকার যা যা প্রয়োজন সব কিছু করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাকালে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে এ প্রতিষ্ঠানকে চরম অবহেলা করে ধ্বংস করে দিয়েছে। এ শিল্পকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধি করতে বর্তমান সরকারের কাজ চলমান রেখেছেন। প্রয়োজনে তাঁতিদেরকে সমৃদ্ধ করতে সরকার সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা গ্ৰহণ করছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালেয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ প্রমুখ।
