

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সরকার প্রধানকে নিজ কার্যালয়ে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসময় লালগালিচার সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে। গার্ড অব অনার গ্রহণ করেন বাংলাদেশের সরকার প্রধান।
বৈঠকের পর তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর ও নোট বিনিময় করা হবে। এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বন্ধ শ্রম বাজার খোলা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ নিয়ে আলোচনা হয়।
এর আগে, রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের পর চীনের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।
